খুলনা অফিস
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে জমাদানের সময়সীমা গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের অধীন আটটি স্কুলের অন্তর্ভুক্ত ২৯টি ডিসিপ্লিনে ১ হাজার ২১৭ আসনে ভর্তির জন্য অনলাইনে ৩২ হাজার ৬৩৬ জন আবেদন করেছেন। আসন প্রতি ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭ জন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় এবং আইসিটি সেল সূত্র জানায়, এ-ইউনিটে ১৪ হাজার ৬২৩টি, বি-ইউনিটে ১২ হাজার ৫৩৩টি, সি-ইউনিটে ৪ হাজার ৩৯৯টি এবং ডি-ইউনিটে ১ হাজার ৮১টি আবেদন জমা পড়েছে। তবে উপরোক্ত ১ হাজার ২১৭টি আসন ছাড়াও এবার ২৯ ডিসিপ্লিনের প্রত্যেকটিতে ২টি করে বিদেশি শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে। আগামী ২ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
