সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে ফাযিল পরীক্ষা দিতে এসে রফিকুল ইসলাম (২২) নামে এক ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড প্রদান করে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে সৈয়দপুর সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ঐ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে তার সন্দেহ হয়। এক পর্যায়ে তাকে চ্যালেঞ্জ করলে ঐ পরীক্ষার্থী স্বীকার করেন বন্ধু সুমন ইসলামের বদলে তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষার প্রবেশপত্র জাল করার কথাও স্বীকার করেন।
এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত ভুয়া পরীক্ষার্থী রফিকুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত তরুণ নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের ময়মনসিংহ পাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে।
