দক্ষিণ আফ্রিকায় চার বছরে চার শতাধিক বাংলাদেশি খুন

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২১:৩৮

ইত্তেফাক রিপোর্ট

দক্ষিণ আফ্রিকায় গত চার বছরে চার শতাধিক বাংলাদেশি অভিবাসী খুন হয়েছেন। এর মধ্যে চলতি বছরেই ৮৮ জন বাংলাদেশির মরদেহ দক্ষিণ আফ্রিকা থেকে দেশে পাঠানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় বিদেশি কর্মীদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে।

প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বেশির ভাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ব্যবসা, অর্থ নিয়ে বিরোধ, পরকীয়া সম্পর্ক ও অন্যান্য ব্যক্তিগত বিবাদের কারণে। তবে দক্ষিণ আফ্রিকায় সহিংস ঘটনায় কোনো বাংলাদেশি জড়িত ছিলেন না।

বাংলাদেশের হাইকমিশনার সাব্বির আহমেদ চৌধুরী বলেন, দক্ষিণ আফ্রিকায় সহিংসতার ঘটনায় দক্ষিণ এশীয় কোনো দেশের নাগরিক জড়িত নন। ২০১৫ সালের জানুয়ারি থেকে নিহত বাংলাদেশির সংখ্যা ৪৫২তে দাঁড়িয়েছে। দূতাবাসের এক কর্মকর্তা জানান, প্রায় ৯৫ শতাংশ বাংলাদেশি অভিবাসী কর্মীকে নিজ দোকানে থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে।