গৌরীপুরে মা ও শিশুকল্যাণ কেন্দ্র চালুর দাবি

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২১:৪৩

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গৌরীপুরের মা ও শিশুকল্যাণ কেন্দ্রে পূর্ণাঙ্গরূপে চিকিত্সাসেবা চালুর দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ। মঙ্গলবার শহরের নয়াপাড়া এলাকায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, পৌর শাখার সাধারণ সম্পাদক মিলন খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রেজাউল হালিম মিলন, সহসাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, মা ও শিশুকল্যাণ কেন্দ্রে পূর্ণাঙ্গরূপে চিকিত্সাসেবা চালু না হওয়ায় এলাকার মা ও শিশুদের চিকিত্সা সেবার জন্য জেলা শহরে ছুটতে হচ্ছে। অপরদিকে মা ও শিশুকল্যাণ কেন্দ্রের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস আরা বলেন, স্বাস্থ্যকেন্দ্রে বহির্বিভাগে চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে। তবে লোকবল সংকটের কারণে এখানে চিকিত্সাসেবা পূর্ণাঙ্গরূপে চালু করা যাচ্ছে না। বিষয়টি আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।