চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬টি স্বর্ণের বারসহ বাংলাদেশ বিমানের এক পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তার নাম মোহাম্মদ ইলিয়াস। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন চার কেজি ২২৫ গ্রাম। দাম প্রায় ২ কোটি টাকা। বিমানবন্দর সূত্র জানায়, মোহাম্মদ ইলিয়াস গতকাল বুধবার ফ্লাই দুবাই বিমান সংস্থার ফ্লাইটে দুবাই থেকে আসা এক যাত্রীর আনা স্বর্ণের বার বিমানবন্দর থেকে পার করে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দারা তাকে আটক করেন। পরে তার জুতায় তল্লাশি করে ৩৬টি স্বর্ণের বার পাওয়া যায়। জানা গেছে, ফ্লাই দুবাই চট্টগ্রাম বিমানবন্দরে তাদের উড়োজাহাজ পরিষ্কার করার কাজে বাংলাদেশ বিমানের সহযোগিতা নিয়ে থাকে। বুধবার বেলা সাড়ে ১১টায় ফ্লাইটের পরিচ্ছন্নতার কাজ শেষ করার পর মোহাম্মদ ইলিয়াস স্বর্ণের বারসহ শুল্ক কর্মকর্তাদের হাতে ধরা পড়েন। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে।
