চট্টগ্রামে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ ১০ মামলার আসামী গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার নগরীর ফরেস্ট গেট এলাকায় ছিনতাইকারী ধরতে গেলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. সোহেল ওরফে বাচাইয়াকে চমেক হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ষোলশহর ফরেস্ট গেট এলাকায় ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ছিনতাইকারীরা। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ছিনতাইকারীকে গ্রেফতার ও একটি এলজি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার সোহেলের বিরুদ্ধে কোতোয়ালী, পাঁচলাইশ, চান্দগাঁও থানায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা আছে। সোহেল ও তার গ্রুপের সদস্যরা মুরাদপুর, ষোলশহর, ফরেস্ট গেট এলাকায় ছিনতাই, ডাকাতি করে।
