বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ১৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময়ে এফবি মা লক্ষ্মী নামের মাছ বোঝাই একটি ভারতীয় ফিশিং ট্রলারও জব্দ করা হয়েছে। মোংলা বন্দর থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর টহলরত জাহাজ বিএনএস নিশান জেলেদের আটক করে। এ ঘটনায় বিএনএস মোংলা নৌ-ঘাঁটির পেটি অফিসার মো. আবুল মঞ্জুর আটক জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। আটক জেলেদের গতকাল বুধবার মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। পরে আটককৃতদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতরা হলেন—ভোলানাথ দাস, মিন্টু দাস, বাবুল সরকার, উত্তম দাস, কিরণ দাস, রাজেশ দাস, কার্তিক দাস, আনন্দ দাস, নেপাল দাস, বাসুদেব দাস, সূর্য্য দাস, উত্তম দাস, সোনারাম দাস, বিমল দাস ও পিল্টন দাস। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁকদ্বীপ উপজেলার বিভিন্ন গ্রামে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
