প্লট দুর্নীতির অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। এই মামলার বাদী হয়েছেন দুদকের সহকারী পরিচালক মো. আল আমিন।
মামলার আসামিরা হলেন—রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সাবেক এস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদ, অবৈধভাবে প্লট গ্রহিতা মো. এনামুল হক, আবু রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, এস এম খোদেজা নাহার বেগম, মো. রবিউল ইসলাম স্বপন, মো. মাহফুজুল হক ও মো. খায়রুল আলম। তবে প্লট গ্রহীতাদের মধ্যে আবুল কাশেম আকন্দ নামের একজন মারা যাওয়ায় তাকে আসামি করা হয়নি।
মামলার এজাহারের বরাদ দিয়ে দুদক সূত্র জানায়, আসামিরা রাজশাহী মহানগরী পরিকল্পিত আবাসিক এলাকার আটটি বাণিজ্যিক প্লট বরাদ্দের বিষয়ে সুস্পষ্ট কোনো এজেন্ডা না থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে প্লট বরাদ্দ দেওয়ার জন্য জালিয়াতির আশ্রয় নেন। এ জালিয়াতির জন্য নিয়ম বহির্ভূতভাবে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ না করে গোপনে সভার কার্যবিবরণীতে আটটি দরপত্র অনুমোদন করেন এবং দরপত্রদাতাদের অনুকূলে ৫০ দশমিক ৬৭ কাঠা জমি বরাদ্দ দেন। এভাবে আরডিএ এর সর্বমোট ৫০ পয়েন্ট ৬৭ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ প্রদান করেন।
