গরম খবর আসছে :কাদের

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২২:২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, চাঁদাবাজ, ক্যাসিনো পরিচালনাকারী ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান আরো জোরদার করা হবে। হতবাক করার মতো ‘গরম খবর’ আসছে, একটু অপেক্ষা করুন। গতকাল বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কী ধরনের গরম খবর হতে পারে—জানতে চাইলে মন্ত্রী বলেন, যখন খবরটা পাবেন তখন দেখবেন। আগে বলে দিলে সারপ্রাইজ থাকবে না।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ভেতরে ভেতরে ওনারা সরকারের কাছে জামিন চাইলেও বাইরে বলছেন আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবেন। আমি চাই তারা আন্দোলন করুক। বিদেশে বসে কর্মসূচি দিলে আন্দোলন হয় না। প্রধানমন্ত্রীর নতুন কোনো দিকনির্দেশনা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, সন্ধ্যায় আলাপ করব। যখন জানাব তখনই বুঝবেন কী ধরনের খবর। আমাদের সাংগঠনিক সফর শুরু হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে জেলাওয়ারি প্রতিনিধি সম্মেলন হচ্ছে। ২০১২ সালের আগে যেসব জেলা-উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেখানে আগে সম্মেলন অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বরের মধ্যে সব শেষ করার টার্গেট রয়েছে। তিনি বলেন, ‘যুবলীগসহ সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হবে। তিনি ভারত যাওয়ার আগেই এ বিষয়ে দিকনির্দেশনা দেবেন। যাদের ক্লিন ইমেজ ও উজ্জ্বল ভাবমূর্তি আছে তারাই নির্বাহী কমিটিতে আসবেন। দলের সব ক্ষেত্রে উজ্জ্বল ভাবমূর্তির নেতারা গুরুত্বপূর্ণ পদে স্থান পাবেন।