এ স্বপ্ন বিশ্বজয়ের!

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:১১

  ইমরান হোসেন

 

সম্প্রতি প্রোগ্রামিং দুনিয়ার সবচেয়ে মর্যাদাকর ইভেন্ট ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে (এসিএম আইসিপিসি) দেশের সবকটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টিমকে হারিয়ে এ বছর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শাবির ‘সাস্ট ডেসিফ্রেডর’। কিভাবে এ স্বপ্নের পথচলা সে কথা বলছিলেন ‘সাস্ট ডেসিফ্রেড’র তিন সদস্য মওদুদ আহমেদ শাহরিয়ার, জুবায়ের আরাফ, অভিষেক পাল। আর তা লিখছেন জি এম ইমরান হোসেন।

চেষ্টা করলে কোনো কাজ যে বৃথা যায় না সেটা করে দেখালো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন প্রোগ্রামার মওদুদ আহমেদ শাহরিয়ার, জুবায়ের আরাফ, অভিষেক পালরা। ১০ নভেম্বর বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাবিসহ দেশের নামকরা সবকটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টিমকে হারিয়ে ঢাকা সাইটে এ বছর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শাবির ‘সাস্ট ডেসিফ্রেডর’। জাতীয় পর্যায়ে দেশের সীমানা ছাড়িয়ে তাদের স্বপ্ন এখন বিশ্বমঞ্চে। চোখে মুখে এখন তাদের বহির্বিশ্বে দেশকে তুলে ধরার নেশা। এ যেন শুধু স্বপ্ন নয়, বিশ্বজয়ের নেশা।

আর হ্যাঁ, জাতীয় পর্যায় এবং ঢাকা সাইটের মধ্যে পার্থক্যটাতো বুঝতে পারছেন? দেশের ভিতরে আয়োজিত প্রোগ্রামের সর্বোচ্চ স্তর হলো জাতীয় পর্যায়। আর আন্তর্জাতিকভাবে বাংলাদেশে আয়োজিত প্রোগ্রাম যেখান থেকে প্রতিযোগীরা আন্তর্জাতিকভাবে ফাইনালে অংশগ্রহণ করবে সেটাই ঢাকা সাইট।

বিশ্বমঞ্চে শাবি প্রোগ্রামদের যাত্রা এবারই প্রথম এমন  নয়। শাবির ওয়ার্ল্ড ফাইনালে যাত্রা শুরু ২০১২ সাল থেকে। এবারেরটা নিয়ে আট বছরে সাতবার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নিচ্ছে। সর্বোচ্চ অর্জন সারাবিশ্বে ৫৬তম হওয়া। তবে এবারের প্রোগ্রামারদের  আত্মবিশ্বাসটা যেন অন্যদের থেকে বেশিই। এবারের ঢাকা সাইটে ছয়টি প্রশ্নের ছয়টিই সমাধান করে প্রথম স্থান অধিকার করে শাবির ‘সাস্ট ডেসিফ্রেডর’। যেখানে পাঁচটি প্রশ্নের সমাধান করে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো টিম। যেখানে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯৮টি টিম। অন্যদিকে ঢাকা সাইটের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া শাহজালাল ও বুয়েটের দুটি দল ২০১৯ সালের ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্তুগালে অনুষ্ঠিতব্য প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নিয়ে বাজিমাত করে দেশের পতাকা বুকে জড়িয়ে বলবে আমরাই জিতেছি এমনটাই প্রত্যাশা সবার।