‘এই ঘুণে ধরা সমাজকে বদলে দিতে চাই’

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২৩:৫৮

স্বেচ্ছাসেবী সংগঠন ‘দিশারী’। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে মানিকগঞ্জের শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে শিক্ষা-স্বাস্থ্যসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংগঠনটি তরুণদের দ্বারা গঠিত ও পরিচালিত। সংগঠনের সদস্যরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের লেখা-পড়ার ফাঁকে বিভিন্ন কল্যাণমুখী কাজ করে যাচ্ছে। নিজেদের পকেট থেকে প্রতি মাসে ৫০ টাকা করে চাঁদা দিয়ে তা জমিয়ে এসব কাজ বাস্তবায়ন করছে তারা। ওরা বলে, ‘আমরা এই ঘুণে ধরা সমাজকে বদলে দিতে চাই।’

অতিসম্প্রতি মানিকগঞ্জের বেউথা বস্তিতে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ক্যাম্পেইনের আয়োজন করে ‘দিশারী’। ক্যাম্পে উপস্থিত থেকে কৃমি, ডায়রিয়া ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মানিকগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুত্ফর রহমান। কোনো ব্যক্তি এসব রোগে আক্রান্ত হলে কী করা দরকার সে বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি বস্তির বিভিন্ন বয়সি লোকজনকে প্রাথমিক চিকিত্সা প্রদান করেন। দুই ঘণ্টাব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দিশারীর উপদেষ্টা  জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সহসভাপতি কাবুল উদ্দিন খান, সাংবাদিক কামরুদ্দিন আহাম্মেদ রেজা, মানিকগঞ্জ ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শহীদ, দিশারীর সভাপতি মো. হাসান শিকদার, সাধারণ সম্পাদক আবুল হাসানাত, সাংগঠনিক সম্পাদক মো. স্বপন মিয়া, দপ্তর সম্পাদক বিজয় সরকার, ভারপ্রাপ্ত শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক  আরেফিনা নূর ফারিহা, ক্রীড়া, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, দিশারী স্কুলের সমন্বয়ক আখিদুল ইসলাম সাইমন, দেবেন্দ্র কলেজের সমন্বয়ক সোহানুর রহমান প্রমুখ।

দিশারীর সভাপতি মো. হাসান শিকদার বলেন, অসচেতনতার কারণে বস্তির অনেক মানুষ এখনো সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা গ্রহণ না করে কুসংস্কারে বিশ্বাসী হয়ে পানি পড়া, ঝাড়-ফুঁক দেওয়া ইত্যাদির ওপর নির্ভর করছে। সমাজের পিছিয়ে পড়া এ গোষ্ঠীকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করার লক্ষ্যেই তারা এই ক্যাম্পেইনের আয়োজন করেছেন। তাদের কাজে সন্তুষ্ট হয়ে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ব্যক্তিগত ও সরকারি তহবিল থেকে অর্থ বরাদ্দের মাধ্যমে দিশারী প্রি-প্রাইমারি স্কুলঘর নির্মাণ করে দেন। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এ সংগঠনের পৃষ্ঠপোষকতা করছেন।