রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালিয়ে মা-মেয়েকে পিটিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে তারাব পৌরসভার শান্তিনগর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে হামলার শিকার পরিবারসহ এলাকার লোকজন। এসময়ে বক্তব্য রাখেন বায়েজিদ সাউদ, আশরাফুল আলম, লিলি খানম, বাবুল, শিউলিসহ আরো অনেকে। প্রতিপক্ষের হামলার শিকার বাবুল হাওলাদার জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে শান্তিনগর এলাকার আব্দুর রহমান ও তার সহযোগী শাহজাহান, মনির হোসেনসহ অজ্ঞাত পাঁচ/ছয় জন সশস্ত্র অবস্থায় তার বাড়িতে হামলা চালায়। বাধা দিলে তার মেয়ে বীথি আক্তার ও স্ত্রী হাসিনা বেগমকে পিটিয়ে জখম করে হামলাকারীরা। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তার পরিবারসহ এলাকাবাসী। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে —ইত্তেফাক
