আদমজী ইপিজেডে বহিরাগতদের হামলা আটক দুই

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২৩:৫৯

আদমজী ইপিজেডের একটি কারখানার ছাঁটাইকৃত শ্রমিকদের শায়েস্তা করতে বহিরাগতদের দিয়ে তাদের ওপর হামলার  অভিযোগ পাওয়া গেছে। হামলার অভিযোগে পুলিশ তানভীর ও আকাশ নামে দুই জনকে আটক করেছে।

জানা যায়, রপ্তানিমুখী কারখানা স্ক্যানডেস্ক নীটওয়্যার লিমিটেডের ২২ জন শ্রমিককে সম্প্রতি ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে ছাঁটাইকৃত শ্রমিকরা ঐ কারখানার সামনে উপস্থিত হলে পাঁচ/ছয় জন বহিরাগত তাদের মারধর করে ইপিজেড থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে ছাঁটাইকৃত শ্রমিকরা কারখানার সামনে একত্রিত হলে বহিরাগতরা তাদেরকে সরানোর চেষ্টা করলে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করলে তারা একটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় শিল্প পুলিশ সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ এলাকার আব্দুল মান্নানের ছেলে এএসএম তানভীন সিদ্দিকী (২৪) ও পূর্ব কলাবাগ এলাকার মৃত ফজলুল হকের ছেলে জাহিদুল হক আকাশকে (২১) আটক করে থানায় সোপর্দ করে। এ বিষয়ে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, আটক দুই জনই বহিরাগত। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কেউ মামলা করেনি।