বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে প্রয়োজন ১১৪ কর্মী

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:১২

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ  (বিএফএসএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নয়টি পদে সর্বমোট ১১৪ জনকে নিয়োগ দেয়া হবে। উল্লিখিত পদগুলোতে প্রকৃত বাংলাদেশিদের আবেদন করতে বলা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ২৭ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত। যোগ্য ও আগ্রহীরা চাইলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে  আবেদন করতে পারেন। বিস্তারিত লিখেছেন মাহবুব শরীফ

আবেদনের পদসমূহ

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র বিজ্ঞপ্তি অনুযায়ী নয়টি পদে অস্থায়ী ভিত্তিতে সর্বমোট ১১৪ জনকে নিয়োগ দেয়া হবে। উল্লিখিত পদগুলোতে নিয়োগ পেতে হলে প্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পদগুলো হলো- হিসাব রক্ষক, সহকারী গ্রন্থাগারিক, ব্যক্তিগত সহকারী, হিসাব সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাটালগার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটরসহ নমুনা সংগ্রহ সহকারী।

আবেদনের যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী হিসাব রক্ষক পদে আবেদন করতে হলে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এই পদে বাংলাদেশের সকল জেলার নাগরিকরা আবেদন করতে পারবেন। সহকারী গ্রন্থাগারিক পদে আবেদননের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটার চালনা জানতে হবে। এ বিভাগেও সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ব্যক্তিগত সহকারী পদে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও এই পদে আবেদনকারীদের কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিন্ম গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। হিসাব সহকারী পদে আবেদন করতে হলে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস হতে হবে। থাকেতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা। ডাটাএন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে যেকোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি’র সনদ। এছাড়াও বাড়তি অভিজ্ঞতা হিসেবে প্রয়োজন হবে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিন্ম গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। ক্যাটালগার পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হতে হবে। থাকতে হবে হবে কম্পিউটার চালনায় দক্ষতা। অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিন্ম গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ। এছাড়ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স  চালনায় পারদর্শী হতে হবে। টেলিকম অপারেটর/ অভ্যার্থনাকারী পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হতে হবে। এই পদের প্রার্থীদেও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। নমুন সংগ্রহ সহকারী পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস হতে হবে। সঙ্গে থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা। 

বয়সসীমা

উল্লিখিত পদগুলোতে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের বয়সসীমা হতে হবে আগামী ১ নভেম্বর, ২০১৮ তারিখে ১৮ থেকে  ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেফিট গ্রহণযোগ্য হবে না।

বেতনসীমা

জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রত্যেক হিসাব রক্ষক বেতন হিসেবে পাবেন  ১১ হাজার থেকে ২৬ হাজার ৫শ’ ৯০ টাকা। সহকারী গ্রন্থাগারিক পাবেন ১০ হাজার ২শ’ থেকে ২৪ হাজার ৬শ’ ৮০ টাকা।  ব্যক্তিগত সহকারী পাবেন ১০ হাজার ২শ’ থেকে ২৪ হাজার ৬শ’ ৮০ টাকা। হিসাব সহকারী পাবেন ৯ হাজার ৩শ’ থেকে ২২ হাজার ৪শ’ ৯০ টাকা। ডাটা এন্ট্রি অপারেটর পাবেন ৯ হাজার ৩শ’ থেকে ২২ হাজার ৪শ’ ৯০ টাকা। ক্যাটালগার পাবেন ৯ হাজার ৩শ’ থেকে ২২ হাজার ৪শ’ ৯০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটরসহ নমুনা সংগ্রহ সহকারীরা পাবেন ৯ হাজার ৩শ’ থেকে ২২ হাজার ৪শ’ ৯০ টাকা।

আবেদন পদ্ধতি

উল্লিখিত পদগুলোতে আবেদন করতে হবে অনলাইনের (http://bfsa.teletalk.com.bd) মাধ্যমে। আবেদন করা যাবে ২৭ জানুয়ারি ২০১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ  অনলাইনে আবেদনপত্র দাখিলের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।  অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ বাই প্রস্থ ৮০) পিক্সেল ও ছবি (দৈর্ঘ্য ৩০০ বাই প্রস্থ ৩০০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।  আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহার করা হবে , সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীদের শতভাগ নিশ্চিত হতে হবে। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর দাখিল করার পরে কম্পিউটার থেকে ছবিসহ আবেদনপত্রের প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র দাখিল করা হলে প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ৭২ ঘন্টার মধ্যে ১১২ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

প্রয়োজনীয় কাগজপত্র

উল্লিখিত পদগুলোতে আবেদন প্রার্থীদের সকল শিক্ষাগত সনদের কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে তা পরীক্ষার সময় দাখিল করতে হবে। চাকরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনর ওয়ার্ড কমিশনার/ কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত( নিজ জেলা উল্লেখ করে) জাতীয়তা সনদের সত্যায়িত কপিও সঙ্গে আনতে হবে। চারিত্রিক সনদ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত হতে হবে ।  কোটা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করতে হবে।