মহাত্মা গান্ধীর জন্মদিনে ইউনিভার্সেল থিয়েটার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০০:১০

অহিংস আন্দোলনের অগ্রদূত মহাত্মা গান্ধীর জন্মদিন ছিল গতকাল। এ উপলক্ষ্যে আলোচনা ও নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে অহিংস আন্দোলনের রূপকার মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন পালন করেছে নাটকের দল ইউনিভার্সেল থিয়েটার।

বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় গান্ধীর নোয়াখালী সফর নিয়ে রচিত নাটক ‘মহাত্মা’। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মাযহারুল হক পিন্টু।

উপমহাদেশের রাজনৈতিক ঘুণাবর্তের জটিল ক্রমধারায় ১৯৪৬ সালের ১০ অক্টোবর নোয়াখালিতে দাঙ্গা বেঁধেছিলো। ভারতবর্ষের সাম্প্রদায়িক ঐক্যকে বিনষ্ট করার রাজনৈতিক উদ্দেশ্য ছিল এর পেছনে। মাত্র দু’জন সঙ্গী নিয়ে অসুস্থ শরীরেই রওনা হন নোয়াখালীর উদ্দেশ্যে। গান্ধীজী স্মরণ করিয়ে দেন যে, আমরা নিছক পশু নই- আমরা মানুষ। গান্ধীর সামপ্রদায়িক হিংসার ঘোর অন্ধকারের মধ্যে অহিংসার আলোর সন্ধানে নামলেন। গান্ধীর অহিংস পৃথিবীর অনন্ত যাত্রায় কোথায় আজ আমাদের অবস্থান? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে সমকালীন প্রেক্ষাপট বিবেচনায় ইতিহাসের সেই অবিস্মরনীয় অধ্যায়ের একটি অংশের রূপক ঘটনার ভেতর দিয়ে লেখা নাটক ‘মহাত্মা’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, শওকত মনসুর রিয়াদ, আবুল হোসেন খোকন, মাজহারুল হক পিনটু, দীন ইসলাম শ্যামল, আবদুল ওয়াদুদ সান্তনা, মোহাম্মদ কাশেদ আলী নয়ন, রাসেল, আওলাদ, কানিজ, মিরাজ প্রমুখ।

এর আগে গান্ধী স্মরণের আলোচনায় বক্তৃতা করেন নাট্যজন রামেন্দু মজুমদার,আতাউর রহমান, ড.ইনামুল হক, ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নিপা চৌধুরী, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ ও গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার। সভাপতিত্ব করেন আয়োজক নাট্যদলের সভাপতি পুলক রাহা।