বনানী থেকে ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০০:১৮

রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে একের পর এক উদ্ধার হচ্ছে ক্যাসিনো খেলার সরঞ্জাম। এবার রাজধানীর বনানীর একটি চায়নিজ রেস্টুরেন্ট থেকে উদ্ধার হলো ক্যাসিনোর গ্যাম্বলিং মেশিন ‘মাহাজং’। হংকং ও ম্যাকাওয়ের ক্যাসিনোয় মাহাজং বিশেষভাবে পরিচিত। গতকাল বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বনানীর নিউ ড্রাগন চায়নিজ রেস্টুরেন্ট থেকে ক্যাসিনোর এসব সামগ্রী উদ্ধার করেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, ‘আমদানিকারক নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল গত বছরের জুলাইয় ২০টি কার্টনে ক্যাসিনো খেলার সাত সেট মাহাজং মেশিন আমদানি করে। অনুসন্ধানে দেখা যায়, পণ্যগুলো চীনের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। মিথ্যা ঘোষণায় এতে প্রায় ১০ লাখ টাকা শুল্ক-কর ফাঁকি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা অধিকতর অনুসন্ধান করছি। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়া আমদানিকৃত অপর ক্যাসিনো মাহাজং মেশিনগুলোর অবস্থান শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। শিগগিরই ক্যাসিনো মেশিনগুলো উদ্ধার করা সম্ভব হবে বলে সূত্র জানিয়েছে।