ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০০:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে মানবন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা)। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘মুক্তমনা শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ নেতৃবৃন্দ।

মাহমুদুল হাসান বলেন,‘আপনারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে প্রতিক্রিয়াশীলতার আচরণ দেখাচ্ছেন। আপনারা একটি আদর্শকে নিষিদ্ধ করতে চাচ্ছেন। আমরা বলতে চাই, একটি আদর্শকে নিষিদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন গণতান্ত্রিক ক্যাম্পাস বানানো যাবে না। এই ক্যাম্পাস প্রগতিশীল ক্যাম্পাস হিসেবে পরিচিতি পাবে না। এটি মুক্ত চিন্তার অভয়ারণ্য থাকবে না।’

মাহমুদুল হাসান বলেন,‘প্রগতিশীল ছাত্র সংগঠন যদি হয়ে থাকেন, তাহলে কোনো সংগঠনকে নিষেধাজ্ঞা নয়। আদর্শিকভাবে প্রতিহত করুন। যদি আদর্শিকভাবে প্রতিহত করতে ব্যর্থ হন তাহলে ডাকসু থেকে পদত্যাগ করুন।’

গত ২৬ সেপ্টেম্বর ডাকসুর সভায় ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তকে এখতিয়ার বহির্ভূত, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করে তারা এ বিক্ষোভের ডাক দেন।