ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী পালিত হয়েছে গতকাল বুধবার। এ উপলক্ষ্যে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মহাত্মা গান্ধীর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি নিউইয়র্ক টাইমসে একটি নিবন্ধও লিখেছেন যাতে বলা হয়েছে, মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয়তাবাদের এমন এক কল্পনা করেছিলেন যা কখনো সংকীর্ণ বা একচেটিয়া নয় বরং মানবতার সেবার জন্য কাজ করবে। অ্যালবার্ট আইনস্টাইনের একটি বক্তব্য উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি ‘আইনস্টাইন চ্যালেঞ্জ’ প্রস্তাব করেন যাতে মহাত্মার আদর্শগুলোকে ভবিষ্যতের প্রজন্ম স্মরণ করতে পারে তা নিশ্চিত করা যায়। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ’মিথ্যার রাজনীতিকে যারা প্রশ্রয় দেয়, তাদের পক্ষে মহাত্মা গান্ধীর আদর্শ বোঝা সম্ভব নয়’ বলে মন্তব্য করেন। দিল্লির রাজঘাটে দলীয় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, গত কয়েক বছর ধরে ভারতে যা ঘটছে, তা দেখলে অত্যন্ত ব্যথিত হতেন মহাত্মা। -এনডিটিভি
