চাকরির জন্য আপনি কতটুকু প্রস্তুত?

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:১৩

 

চাকরিজীবী হিসেবেই যারা ক্যারিয়ার গড়তে চান, তাদের ক্যারিয়ারের উদ্দেশ্যে প্রথম কাজ হলো চাকরি খোঁজা। এতদিন পর্যন্ত সবাই পড়ালেখা শেষ করেই চাকরি খুঁজতে শুরু করত। কিন্তু এখন চিত্র বদলে গেছে। পড়ালেখা শেষ করার আগে থেকেই এখন শুরু হয় চাকরির খোঁজ। চাকরি খোঁজার ক্ষেত্রে বেশকিছু বিষয় মনে রাখতে হবে আপনাকে। তেমন কিছু বিষয়ই থাকছে এই সংখ্যার আলোচনায়।

অভিজ্ঞতার বিকল্প নেই :অনেক সময় লেখাপড়া চলাকালীন চাকরির বিজ্ঞিপ্তি অথবা সিনিয়র শিক্ষার্থীদের মাধ্যমে খণ্ডকালীন চাকরির প্রস্তাব পেতে পারেন। সেটা কখনই হাতছাড়া করবেন না যদি আপনার লেখাপড়ার ক্ষতি না হয়। কম বেতন বা একটু বেশি কষ্টের কথাও ভুলে গিয়ে কাজে যোগ দিন। কেননা এসব ছোটখাট অভিজ্ঞতা আপনার পরবর্তী কাজের জন্য পাথেয় হয়ে থাকবে। মনে রাখবেন, অভিজ্ঞতার বিকল্প নেই। প্রশিক্ষণ নিন :চাকরির জন্য শুধু পড়ালেখা জরুরি নয়, বিভিন্ন ধরনের সংশ্লিষ্ট কাজে আপনি কতটা পারদর্শী সেটাও বিবেচ্য বিষয়। আমাদের পড়ালেখা অনেকটাই তাত্ত্বিক হওয়ায় বাস্তব কাজের জন্য খুব একটা দক্ষতা আমাদের থাকে না। তাই পড়ালেখার পাশাপাশি যদি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে পারেন, তা আপনার চাকরির জন্য কাজে লাগবে। আপনি আইটির কোনো বিষয়ের শিক্ষার্থী হলে বিভিন্ন ধরনের আইটি প্রজেক্টে অংশ নিন এবং আইটি খাতের বিভিন্ন প্রফেশনাল কোর্স করে ফেলুন। এনজিওতে ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকলে শিক্ষাজীবন থেকেই বিভিন্ন ধরনের সমাজসেবা বা সহশিক্ষা কার্যক্রমেও নিজেকে জড়িয়ে ফেলুন, যা চাকরি পেতে সহায় হবে। বর্তমানে যেকোনো চাকরির জন্যই প্রয়োজন কম্পিউটারে দক্ষতা। তাই এসএম অফিস, উইন্ডোজ, ওয়েব ব্রাউজিং, ছোটখাট গ্রাফিক্সের কাজ প্রভৃতি বিষয়ে ব্যবহারিক কাজের অভিজ্ঞতা অর্জন করে রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ আপনাকে এগিয়ে রাখবে। আকর্ষণীয় সিভি:বর্তমান যুগে নিজের ঢোল নিজে পেটানোতে লজ্জার কিছু নেই (যদি তা বানোয়াট না হয়)। তাই আপনার সিভিটি এমনভাবে তৈরি করুন যাতে তা আপনার সম্পর্কে চাকরিদাতাকে ভালো ধারণা দিতে পারে। একই সিভি সব প্রতিষ্ঠানে পাঠাবেন না। ভিন্ন ভিন্ন ধরনের চাকরির জন্য ভিন্ন ভিন্ন ধরনের সিভি তৈরি করে রাখুন। প্রতিটি চাকরির বিজ্ঞাপনের চাহিদার সাথে মিলিয়ে সিভিতে আপনার যোগ্যতাগুলোকে তুলে ধরার চেষ্টা করুন। সিভিটি হবে পরিস্কার-পরিচ্ছন্ন, দেখতে সুন্দর। অতিরিক্ত শিল্পবোধ সিভিতে দেখানোর প্রয়োজন নেই।