গাইবান্ধায় আগ্নেয় অস্ত্রসহ আটক ২ ডাকাত সদস্যকে বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির কাজে ব্যবহৃত ৬ রাউন্ড গুলিসহ একটি রিভলভার ওই রাতেই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের মৃত. মোসলেম উদ্দিনের ছেলে মজনু মিয়া (৫০) ও একই উপজেলার পার্শ্ববর্তী অনন্তপুর গ্রামের মোকলেছ মিয়ার ছেলে মোহাব্বত আলী ওরফে গাদু (৫২)।
জেলা ডিবি পুলিশ কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক রাতেই মজনুর বাড়ীর ঘরের মেঝে খনন করে গুলি ও রিভলভারটি আটক করা হয়।
তিনি আরও জানান, এ নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাঘাটাসহ জেলার বিভিন্ন থানায় সড়ক ডাকাতির একাধিক অভিযোগ ও মামলা আছে।
ইত্তেফাক/এএম
