সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে তার স্বামীর বিরুদ্ধে। ওই গৃহবধূর নাম সেলিনা বেগম। তার ঘাতক স্বামীর নাম ময়নাল হোসেন। গত বুধবার সকালে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহত সেলিনার পিতা বলেন, 'ইতিপূর্বে আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য সেলিনাকে চাপ দিতো ময়নাল। সে টাকা না নিয়ে যাওয়ায় মাঝেমধ্যে সেলিনাকে মারপিট করতো। সেই কারণে ময়নাল সেলিনাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর আগুনে পুড়িয়ে দিয়েছে। এ হত্যাকাণ্ডকে তারা আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করেছে।'
আরও পড়ুন: মধুমতি ও গড়াই নদীতে পানি বৃদ্ধি অব্যাহত
সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন বলেন, 'ময়নালের শোবার ঘরের ভিতর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে। আসামি গ্রেফতার হলে হত্যার কারণ জানা যাবে।'
ইত্তেফাক/নূহু

