লিফট থেকে বেরুবার পর

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:২৯

তোমাকে বুঝিনি আমি

যদিও চায়ের কাপে উঠেছিল ঝড়।

লিফট থেকে বেরুবার পর।

কেটেছিল ঘণ্টা ঘণ্টা, হন্তদন্ত তোমার দু হাত

তথ্য সন্ধানে খুব ব্যস্ত ছিল পরস্ব গুহায়।

 

তোমার দু চোখ থেকে ঠিকরেছে আগুনের স্রোত

তবু তুমি শান্ত খুবই—বুঝবার সাধ্য নেই কারো

দৃষ্টিতে কতোটা তুমি আড়াল ছড়িয়ে দিতে পারো।

 

অনেক ওপর থেকে নিচে নেমে রাস্তা হই পার

কতোদিন হয়ে গেছে

কেউ কাউকে খুঁজিনি তো আর!