তুমি নিজেই বেছে নিয়েছ
এই নিয়তি, তবে কেন
এত হা-হুতাশ?
আহা! কী আকুতি তোমার
ওই খাঁচায় ঢোকার, এখন কেন
ডানা ঝাপটাও, উড়তে চাও—
সুনীল আকাশে!
কীসের এত অস্থিরতা তোমার?
বরং স্থির হও—শেওলা জমা
পাথরের দিকে চেয়ে দেখ,
হামাগুড়ি দিয়ে বসো পাহাড়ের
পায়ে, কিংবা বৃক্ষের কাছে;
পাঠ নাও স্থিরতার!
প্রকৃতির কাছে যাও, শেখো
উদারতা, হাঁটু মুড়ে বসো
লীন হও ধ্যানের আলোয়!
জলে ভাসা নুড়ি কখনো কি
হতে পারে হিমালয়?
