টাপুর টুপুর ইলশেগুঁড়ি
নাচছে নুপুর পা’য়
দূর গাঁ থেকে দুর্গা এলেন
ঘুরতে টুপুর গাঁয়!
ঝিলের ধারে কাশফুলেরা
আনন্দে খুব হাসে
শাপলা শালুক পদ্মফুলও
জলের বুকে ভাসে!
আয় চৈ চৈ প্যাঁক প্যাঁকেরা
ডুব-সাঁতারে পুঁটি
মাছের স্বাদেই আত্মহারা
খাচ্ছে লুটোপুটি!
শরত্ আসায় শিউলি ফুলও
ছড়ায় মধুর ঘ্রাণ
পুজোর দিনে আনন্দেতে
জুড়ায় সবার প্রাণ।
