ঢেউ তির তির শান্ত নদীর কাজলকালো জল,
সূর্যছটায় ছড়ায় আভা রূপ করে টলমল।
লাল-ফিরোজা মাছরাঙাতে ওড়ে দোদুল দুল,
ভোরবেলাতে ঘোমটা খোলে কলমিকমল ফুল।
রোদমাখানো দিনটা যেন স্বপ্ন-সমুদ্দুর,
পাখির ঠোঁটে মিষ্টি বুলি ছড়ায় মোহন সুর।
ইলিক ঝিলিক আলোর খেলা আবছা আকাশ নীল,
খণ্ড মেঘের সাথে ভাসে শ্বেতবলাকা-চিল।
জোনাকজ্বলা চাঁদনি রাতে উছল আলোর বান,
শ্যামল মায়ায় ছবি আঁকে নিখুঁত তুলির টান।
শিউলি-চাঁপার সুগন্ধিতে উদাস উদাস মন,
বাজনা বাজায় রিনিঝিনি সবুজ ঝাউয়ের বন।
দুলিয়ে মাথা হাসতে থাকে সাদা রঙের কাশ,
শিশির মেখে লাজুক তাকায় দূর্বা কোমল ঘাস।
খুশির পরশ বিলিয়ে চলে ভুলতে থাকে লাজ,
মন ফুর ফুর শরত্রানির চোখ জোড়ানো সাজ।
