চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সেবা খাতের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। আলোচ্য সময়ে ৭০ কোটি ৮৩ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে সেবা রপ্তানি হয়েছে ৫৩ কোটি ২৬ লাখ ডলারের। আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে কম রপ্তানি হয়েছে ১৭ কোটি ৫৭ লাখ ডলার। অর্থাত্ স্থানীয় মুদ্রায় লক্ষ্যমাত্রার চেয়ে সেবা খাতের রপ্তানি কমেছে ১ হাজার ৪৭৫ কোটি টাকার। আলোচ্য সময়ে এক চতুর্থাংশ পিছিয়ে রয়েছে রপ্তানি। অবশ্য গত বছরের জুলাইয়ের চেয়ে এ খাতের রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
গত ২০১৮-১৯ অর্থবছরে সেবা খাতের রপ্তানিতে বড়ো প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। আলোচ্য সময়ে ৬৩৩ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ সেবা রপ্তানি হয়েছে, যা এর আগের অর্থবছরের চেয়ে প্রায় ৪৬ শতাংশ বেশি। গত তিন বছর ধরে মোট রপ্তানিতে সেবা খাতের রপ্তানিকে হিসাবভুক্ত করা হচ্ছে। এর আগে এসব রপ্তানি জাতীয় রপ্তানিতে হিসাবভুক্ত হতো না। সেবা খাত মূল রপ্তানির হিসাবে যুক্ত হওয়ায় রপ্তানি আয় বেশি দেখা যাচ্ছে।
অবশ্য গত জুলাইয়ে পণ্য ও সেবা মিলিয়ে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। আলোচ্য সময়ে ৮৯৩ কোটি ৩৩ লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে মোট জাতীয় রপ্তানি হয়েছে ৭২৬ কোটি ৪৮ লাখ ডলার। অর্থাত্ লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি পিছিয়ে ছিল সাড়ে ১৩ শতাংশ। এছাড়া গত অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি না বেড়ে উলটো কমেছে।
সেবা খাতের রপ্তানির তালিকায় রয়েছে মূলত সরকারি পণ্য ও সেবা (যা পণ্য রপ্তানির পরিসংখ্যানে হিসাবভুক্ত হতো না)। এর বাইরে রপ্তানির তালিকায় রয়েছে টেলিযোগাযোগ ও তথ্য সেবা, আর্থিক সেবা, নির্মাণ, যাতায়াত, পরিবহনসহ মোট ১২ ধরনের সেবা।
