আগারওয়ালের পর স্পিন দাপট

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২০:৫৪

টেস্ট ওপেনারের সঙ্কটে রোহিত শর্মা সুযোগ পেলেন ইনিংস উদ্বোধনের, আরেক পাশে মাত্র চার টেস্ট খেলা মায়াঙ্ক আগারওয়াল। প্রথমবারের মতো জুটি বেধে দুই ডানহাতি ব্যাটসম্যান গড়লেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে ভারতের টেস্ট ইতিহাসের রেকর্ড জুটি।

ভারতের এই রেকর্ড জুটি ধসে যাওয়ার পরই বিশাখাপত্তনমে শুরু হয়েছে স্পিনারদের দাপট। দক্ষিণ আফ্রিকার স্পিনে দ্রুত মিডল অর্ডার হারিয়ে ফেলার পর ৭ উইকেটে ৫০২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা বড়ো বিপদে পড়েছে, ৩৯ রান তুলতেই তারা ৩ উইকেট হারিয়েছে। তিনটিই স্পিনের শিকার।

বিনা উইকেটে ২০২ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। রোহিত ১১৫ রানে ও আগারওয়াল ৮৪ রানে অপরাজিত ছিলেন। সকাল থেকে এমন অনায়াসে ব্যাট করতে থাকেন দুই জন, মনে হচ্ছিল দুই জনই ডাবল সেঞ্চুরি করে ফেলবেন। কিন্তু ২৪৪ বলে ১৭৬ রান করে রোহিত কেশব মহারাজের প্রথম শিকার হয়ে ফেরেন। তার ইনিংসে ছিল ২৩টি চার ও ৬টি ছক্কা। ৩১৭ রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। এরপরও আগারওয়ালের ব্যাট চলেছে। অন্যপ্রান্তে দ্রুত ফিরে এসেছেন চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে।

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আগারওয়াল যখন আউট হলেন, নামের পাশে ২১৫ রান। প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করে ফেললেন এই তরুণ। ৩৭১ বলে ২৩টি চার ও ছয়টি ছক্কায় ২১৫ রানের ইনিংস খেলেছেন তিনি।

শেষ দিকে রবীন্দ্র জাদেজা ৩০ রানের ইনিংস খেলে ভারতের স্কোর ৫০০ পার করেন। ভারতের যে ৭ উইকেটের পতন হয়েছে, তার মধ্যে ছয়টিই স্পিনাররা নিয়েছেন। কেশব মহারাজ নিয়েছেন ৩ উইকেট।

ভারত ইনিংস ঘোষণা করে দেওয়ার পর এই স্পিনস্বর্গে রীতিমতো খাবি খাচ্ছে দক্ষিণ আফ্রিকা। নেতৃত্ব দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৮ ওভার বোলিং করে ৯ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছেন। দুই পেসার ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি দুটি করে ওভার বল করার পরই আক্রমণে চলে এসেছেন স্পিনাররা। দিনের শেষ ১৬ ওভার টানা বল করেছেন অশ্বিন ও জাদেজা। দুজনে ভাগ করে নিয়েছেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৭ রানে ব্যাট করছেন ডিন এলগার। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত-১ম ইনিংস: ১৩৬ ওভারে ৫০২/৭ ডিক্লেয়ার (আগারওয়াল ২১৫, রোহিত ১৭৬, জাদেজা ৩০*, কোহলি ২০; মহারাজ ৩/১৮৯)।

দক্ষিণ আফ্রিকা-১ম ইনিংস: ৩৯/৩ (এলগার ব্যাটিং ২৭; অশ্বিন ২/৯)।