এসএ গেমসের প্রস্তুতি নিতে হরিয়ানা যাচ্ছে কাবাডি দল

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২০:৫৫

আসন্ন এসএ গেমসে ভালো ফল পেতে কাবাডি খেলোয়াড়দের বিদেশে প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কাবাডি ফেডারেশন। আগামী ১-১০ ডিসেম্বর  নেপালে অনুষ্ঠিত হবে ১৩তম এস এ  গেমস। সে জন্য অংশ নিতে যাওয়া নারী ও পুরুষ কাবাডি দলকে উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ম্যাচ খেলার জন্য ভারতের হরিয়ানায় পাঠানো হচ্ছে। ইরানে অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্ব কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জুনিয়র বালক কাবাডি দলও উন্নত প্রশিক্ষণের জন্য হরিয়ানা যাচ্ছে।  বাংলাদেশ পুলিশের আইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে গত বুধবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি ও ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে আহ্বায়ক করে একটি টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়। মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকায় এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, এ উপলক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ৬ জাতি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ কাবাডি দল অংশ নিবে।— খবর বিজ্ঞপ্তির