যুব দলের নিউজিল্যান্ড সফর

সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২০:৫৬

পরপর দুইটি ফাইনালে ভারতের কাছে হারের দগদগে ক্ষত নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই ধাক্কা সামলে উঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে দারুণ জয় পেল আকবর আলীর দল। গতকাল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

লিংক্লনের বার্ট স্যাটক্লিফ ওভালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করেন অধিনায়ক অলি হোয়াইট ও থমাস জোহরাব। হোয়াইট ৩০ রান করে মৃত্যুঞ্জয়ের প্রথম শিকারে পরিণত হন। এরপর ২০ রান করা আনসেলকে ফেরান রাকিবুল হাসান। আর এখান থেকে নিউজিল্যান্ডের ইনিংসটা একা ধরে রাখেন জোহরাব।

জোহরাব এক প্রান্তে ১৪২ বলে ৮টি চারে সাজানো ১১২ রানের ইনিংস খেলে তানজিম হাসান সাকিবের শিকার হয়ে ফেরেন। কিন্তু তাকে সেভাবে আর সঙ্গ দিতে পারেননি বাকিরা। একেবারে শেষ দিকে এনে সান্ডি ২১ বলে ২৯ রানের একটা ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে মৃত্যুঞ্জয় দুইটি উইকেট নেন। এছাড়া সাকিব, শরিফুল, শামীম ও রাকিবুল একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১৪ বলে ৬ রান করে হ্যানককের বলে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। আর এখান থেকে ৯৫ রানের জুটি করেন তানজিম ও মাহমুদুল হাসান জয়। তানজিদ ৬৩ বলে পাঁচটি চার ও দুইটি ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলে আউট হন।

এরপর তৌহিদ হূদয়ের সঙ্গে ৭৭ রানের জুটি করেন জয়। হূদয় ৫৫ বলে দুইটি চারে সাজানো ৪০ রানের ইনিংস খেলে ফেরেন। আর জয় এক দুর্ভাগ্যের শিকার হন।

মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মাহমুদুল হাসান জয়। ১২৫ বলে ১০টি চারে সাজানো ৯৯ রানের ইনিংস খেলে ম্যাখেঞ্জির দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। জয় যখন আউট হলেন, তখন দলের জয় পেতে আর খুব বেশি বাকি নেই।

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ : ৫০ ওভারে ২৪২/৬ (জোহরাব ১১২, হোয়াইট ৩০, সান্ডি ২৯*, আনসেল ২০; মৃত্যুঞ্জয় ২/৪১, শামীম ১/৩৫, রাকিবুল, ১/৪০, সাকিব ১/৪৪, শরিফুল ১/৬০)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৬.৩ ওভারে ২৪৩/৪ (মাহমুদুল ৯৯, তানজিদ ৬৫, তৌহিদ হূদয় ৪০; ম্যাকেঞ্জি ২/৩৯, হ্যানকক ১/৪১, অশোক ১/৫২)।

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী