পাকিস্তান সফরে যাবে অনূর্ধ্ব-১৭ দল

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২০:৫৭

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর রয়েছে ফেব্রুয়ারিতে। তার আগে পাকিস্তান সফর করবে বাংলাদেশের আরো দুটি দল। চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল।

নারীদের দলটা ২৩ অক্টোবর ঢাকা ছাড়ার কথা রয়েছে। তার এক দিন আগে দেশত্যাগ করবে অনূর্ধ্ব-১৭ দল। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে এই কিশোররা। দলটির হেড কোচের দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। দলের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপিও। গতকাল বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে এই তথ্য জানা গেছে।

এই দুটি দলের পাকিস্তান সফর প্রায় নিশ্চিতই। তারপরও নারী দল, অনূর্ধ্ব-১৭ দলের সফরের আগেই পাকিস্তানে নিরাপত্তা পরিদর্শক দল পাঠাবে বিসিবি। খুব শিগগিরই নিরাপত্তা পর্যবেক্ষকরা যাবেন পাকিস্তানে। পিসিবির নিরাপত্তা আয়োজন পরিদর্শন শেষে রিপোর্ট দিবেন তারা। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই দল পাঠানো হবে পাকিস্তানে।