বাংলাদেশ প্রতিদিন, জাগো নিউজ, ডেইলি স্টার, চ্যানেল আই, ঢাকা ট্রিবিউন, বৈশাখী টিভি, বাংলা ভিশন ও সমকাল ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের’ কোয়ার্টার ফাইনালে উঠেছে।
আজ সকাল সোয়া ৯টায় বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি স্টার এবং জাগো নিউজ ও চ্যানেল আই শেষ আটের লড়াইয়ে পরস্পরের মোকাবিলা করবে। এরপর সকাল সাড়ে ১০টায় অপর দুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ঢাকা ট্রিবিউন ও বাংলা ভিশন এবং বৈশাখী টিভি ও সমকাল।
এদিকে গতকাল বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ খেলায় মনিরুজ্জামান উজ্জ্বলের হ্যাটট্রিকে জাগো নিউজ ৪-১ গোলে হারায় বাংলা ট্রিবিউনকে। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। এ জয়ে ম্যান অব দ্য ম্যাচও হন উজ্জ্বল।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এর আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে চলছে এ প্রতিযোগিতা। কালকের বিভিন্ন খেলায় উপস্থিত থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হাসানুজ্জামান খান বাবলু, সাবেক জাতীয় ফুটবল তারকা শেখ মো. আসলাম, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ক্রীড়া সংগঠক কামরুন্নাহার ডানা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারীবিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।
