আমরা সবাই বেশ হিসেবি,
হিসেব করি বেশটা।
কথায় কথায় বলেই ফেলি
কী দিয়েছে দেশটা?
দেশের কী আর আছে কিছু
ভিটে মাটি ছাড়া?
সবাই যদি দেশ থেকে চায়
দেবে বলো কারা?
সবাই যদি খোঁড়া হয়ে
থাকে ঘোড়ায় চড়ে;
আমরা যা চাই, দেশটা তা আর
দেবে কেমন কোরে ?
আইন মেনে, শুদ্ধ জ্ঞানে
সবাই যদি খাঁটি—
যা কিছু চাই, সব দেবে ভাই
আমার দেশের মাটি।
