শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বকুল চন্দ্র দাশ নামের ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিষ্টারের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ১২০/বি ব্লকের আবাসিক শিক্ষার্থী। বকুলের রুমমেট নাবিল দেবনাথ জানান, বুধবার দিনগত রাত ১টার দিকে সে হঠাত্ বমি করতে থাকলে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে সে মারা যায়।
প্রক্টর অধ্যাপক মো. জহির উদ্দিন আহমেদ বলেন, জ্ঞান থাকা অবস্থায় তার যখন চিকিত্সা দেওয়া হচ্ছিল তখন যদি সে কীটনাশক খাওয়ার কথা আমাদের জানাতো তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। উল্লেখ্য, হবিগঞ্জের লাখাই উপজেলার সোয়াগাঁও বকুলের বাসা। তার পিতা রানু চন্দ্র দাশ। তার আরো তিন ভাই, এক বোন রয়েছে।
