বাংলাবান্ধা স্থলবন্দরে পাঁচ দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২১:০৭

সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উত্সব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তেতুলিয়া বাংলাবান্ধা চতুর্দেশীয় স্থলবন্দর তথা বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পাঁচ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, নর্থ বেঙ্গল এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ, ভারতের  সঙ্গে আলোচনা করে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী চতুর্দেশীয় স্থলবন্দর আমদানি-রপ্তানি ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

ইমিগ্রেশন ওসি ইজারউদ্দিন বলেন, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।