অগ্নিদগ্ধ গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২১:০৮

গাইবান্ধার সাঘাটায় সেলিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হত্যার পর আগুন দিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে বুধবার রাতে হত্যা মামলা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের চিতুলিয়া গ্রাম থেকে আগুনে ঝলসে যাওয়া ওই গৃহবধূর মরদেহ পুলিশ উদ্ধার করে। নিহত সেলিনা বেগম (৪৫) ওই গ্রামের ময়নাল হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার সাঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, একটি এনজিও (বেসরকারী উন্নয়ণ সংস্থা) থেকে ঋণ নেয়া টাকার সাপ্তাহিক কিস্তি প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার সকালে তাদের মধ্যে কলহ হয়। এরপর বিকালে তাদের শয়ন ঘরে প্রতিবেশীরা সেলিনা বেগমের পুড়ে যাওয়া মরদেহ পরে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

বৃহস্পতিবার সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, এ ঘটনায় রাতেই নিহতের পিতা সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছেন।