পদ্মায় স্রোতের গতি ঘণ্টায় ১২ দশমিক ৬৩ কিলোমিটার!

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২১:০৯

পদ্মায় এখন স্রোতের গতি ঘণ্টায় ১২ দশমিক ৬৩ কিলোমিটার। দীর্ঘ ১৬ বছর পর পদ্মায় এবার বন্যা হলো।

পানি উন্নয়ন বোর্ডের পাবনা হাইড্রলজি শাখার সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, পদ্মায় এখন স্রোতের গতি ঘণ্টায় ১২ দশমিক ৬৩ কিলোমিটার। হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় স্রোতের গতি পরিমাপ করা হয়। প্রতি সেকেন্ড স্রোতের গতি ৩ দশমিক ৫১ মিটার। আর ঘণ্টা হিসেবে ১২ দশমিক ৬৩৬ কিলোমিটার। একে তীব্র স্রোত বলা হয়ে থাকে।

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার বিপত্সীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ মিটার। বুধবার এ পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৪ দশমিক ৩৩ মিটার। অর্থাত্ বিপত্সীমার আট সেন্টিমিটার বেশি। এ পয়েন্টে বুধবার পানির মোট প্রবাহের পরিমাণ ছিল ১৮ লাখ কিউসেকের বেশি।

পরিসংখ্যানে দেখা যায়, ১৯৯৮ সালে বন্যার সময় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা উঠেছিল ১৫ দশমিক ১৯ মিটার। যা বিপত্সীমা থেকে ৯৪ সেন্টিমিটার বেশি ছিল। আর মোট পানি প্রবাহের পরিমাণ ছিল ২৫ লাখ ৮৯ হাজার কিউসেক। সর্বশেষ ২০০৩ সালে বিপত্সীমা অতিক্রম করেছিল। পানির উচ্চতা উঠেছিল ১৪ দশমিক ২৮ মিটার। বিপত্সীমা থেকে তিন সেন্টিমিটার বেশি ছিল।