৩.৫ কোটি পাউন্ডের মামলা জিতল নিজাম পরিবার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২১:২০

পাকিস্তান সরকারের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর যুক্তরাজ্যের আদালতে সাড়ে ৩ কোটি পাউন্ডের অধিকার ফিরে পেল হায়দরাবাদের শেষ নিজামের পরিবার। লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিস বুধবার এক রায়ে বলেছে, যুক্তরাজ্যে ব্যাংকে সংরক্ষিত ঐ অর্থের ওপর পাকিস্তানের কোনো অধিকার নেই, এর মালিকানা নিজাম ওসমান আলি খানের বংশধররা। দেশভাগের ঠিক পরপর, ১৯৪৮ সালে ব্রিটেনের ন্যাশনাল ওয়েস্টমিনস্টার ব্যাংকে পাকিস্তানের তখনকার হাইকমিশনারের অ্যাকাউন্টে ১০ লাখ পাউন্ড জমা দেন হায়দরাবাদের সপ্তম নিজাম ওসমান আলি খান, যা নিয়ে এই বিরোধের সূচনা। সেই টাকাই এখন সুদে-আসলে বেড়ে সাড়ে ৩ কোটি পাউন্ড হয়েছে। ব্রিটিশ আমলে হায়দরাবাদ ছিল একটি করদ রাজ্য। নিজাম ওসমান আলি খান সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তিনি কোন পক্ষে যাবেন—ভারত, না পাকিস্তান। ১৯৪৮ সালে এক সামরিক অভিযানে হায়দরাবাদ ভারতের অংশে পরিণত হয়। তার ঠিক আগে আগে লন্ডনের ঐ ব্যাংক অ্যাকাউন্টে নিজামের টাকা জমা পড়ে।              —বিবিসি