আদমদীঘিতে দু’পক্ষের বিবাদ দেখতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২২:০১

আদমদীঘির সাওইল বাজার এলাকায় দু’পক্ষের জমি দখল নিয়ে বিবাদ দেখতে গিয়ে হার্ট অ্যাটাকে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। ঘটনাটি গতকাল রবিবার দুপুরে ঘটেছে উপজেলার সওইল বাজারে।

জানা যায়, আদমদীঘির দেলুঞ্জ গ্রামের আজমল হোসেন বাবুর সঙ্গে মৃত আব্দুর রশিদের ওয়ারিশগণের সওইল বাজার এলাকার জমি দখল নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল রবিবার সকালে মৃত আব্দুর রশিদের ওয়ারিশগণ ওই বিবদমান জমিতে খুঁটি পুঁতে ঘর তৈরিকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়।

এসময় দেলুঞ্জ গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে আবুল হোসেন উক্ত স্থানে পৌঁছে উভয় পক্ষের উত্তেজনা দেখে মাটিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এব্যাপারে নশরতপুর ইউপি সদস্য রেজাউল ইসলাম জানায়, বিবদমান জায়গায় আবুল হোসেন অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ওসি মনিরুল ইসলাম মনির বলেন, এ ঘটনায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।