রংপুর-৩ উপনির্বাচন

প্রচারণা শেষ কাল ভোট

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২২:২৮

রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রার্থীরা গত বুধবার গভীর রাত পর্যন্ত এবং গতকাল সকাল ৯টা পর্যন্ত শেষ সময়ের জনসংযোগ ও প্রচারণা চালান। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের আগে গতকাল ইভিএম পদ্ধতিতে ভোটারদের মধ্যে মক ভোটের আয়োজন করা হলেও তেমন সাড়া ছিল না ভোটারদের। কেন্দ্রে কেন্দ্রে অলস সময় পার করেন ভোট গ্রহণকারী কর্মকর্তারা। কেন্দ্রগুলোর বাইরে নেই মক ভোটিং নিয়ে তেমন প্রচার-প্রচারণা।

রিটার্নিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনের দিন পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ এবং বহিরাগতদের নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

রংপুর-৩ আসনের নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বিএনপির প্রার্থী রিটা রহমান, জাতীয় পার্টি-জাপার সাদ এরশাদ, জাপার বিদ্রোহী প্রার্থী এইচ এম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহারিয়ার আসিফ, গণফ্রন্টের    প্রার্থী কাজী মো. শহিদুল্লাহ, খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুর রহমান মণ্ডল এবং এনএনপির প্রার্থী শফিউল আলম।

মক ভোটে সাড়া নেই ভোটারদের :রংপুর থেকে আমাদের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারী জানিয়েছেন, ইভিএম পদ্ধতিতে গতকাল বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত সমাজকল্যাণ বিদ্যা বিথী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মাত্র এক জন ভোটার মক ভোট প্রদান করেন। অন্য কেন্দ্রগুলোরও প্রায় একই অবস্থা। বেলা আড়াইটার দিকে আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ‘কেন্দ্রের ৩ হাজার ৯৪২ জন ভোটারের মধ্যে ১১ জন ভোটার মক ভোট প্রদান করেছেন। রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, মক ভোটের ব্যাপারে মাইকিং ও প্রচার-প্রচারণায় কোনো ঘাটতি ছিল না। মিডিয়ার মাধ্যমেও সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে।