বাসের চাকায় পিষ্ট বিশ্ববিদ্যালয়ছাত্রী

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২২:২৯

খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে আনিকা কুমকুম নিশা (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যার পর নগরীর গল্লামারীসংলগ্ন খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নিশা মোটরসাইকেলের পেছনের সিটে বসেছিলেন। মোটরসাইকেল থেকে পড়ে গেলে পেছন থেকে একটি বাস এসে তার মাথার ওপরে চাকা উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঢাকার সাভার থেকে ইত্তেফাক রিপোর্টার জানান, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় বুধবার রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে সড়কের উলটো পাশে চলে যায়। এ সময় বিপরীত থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান (৩৯) গুরুতর আহত হন একং তার স্বামী ঠিকাদার কাজী সেলিমুর রহমান (৪৫) ঘটনাস্থলেই মারা যান। গতকাল রেডিও কলোনি এলাকায় গাড়ির চাপায় আহমদ আলী নামে এক পথচারী যুবক নিহত হয়েছেন। আহমদ আলী সাভার পৌর এলাকার নয়াবাড়ী মহল্লার কোরান আলীর ছেলে।

বরিশাল অফিস জানায়, নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় কমলা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি (কমলা) বরিশাল সদর উপজেলার রায়পাশা ইউনিয়নের শিবপাশা গ্রামের মোক্তার হোসেনের স্ত্রী। বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।