রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ্ মখদুম থানার সামনে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে কলেজছাত্রী লিজা রহমানের (১৮) মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। কলেজছাত্রী লিজার পালিত বাবা আলম বুধবার রাতে নগরীর শাহ্ মখদুম থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিহতের স্বামী সাখাওয়াত, শ্বশুর মাহাবুব আলম খোকন ও শাশুড়ি নাজনিন বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে শাহ্ মখদুম থানার ওসি তদন্ত বানী ইসরাইলকে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মামলার কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার সকালে নিহত লিজার লাশ গাইবান্ধায় জানাজা শেষে দাফন করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর দুপুরে কলেজছাত্রী লিজা রহমান পারিবারিক কলহের জেরধরে থানায় অভিযোগ করতে গিয়ে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। নগরীর শাহ্ মখদুম থানাধীন পবা নতুনপাড়া এলাকায় সে বসবাস করতো। মেয়েটির বাবা-মা কেউ নেই। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
