বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার পলাতক আট আসামির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে দাখিল করা অভিযোগপত্রের প্রধান আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজী ও চার নম্বর আসামি রেজওয়ান আলী খান ওরফে টিকটক হূদয়ের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। অন্য অপ্রাপ্তবয়স্ক তিন আসামির জামিন আবেদন শিশু আদালতে পাঠানো হয়েছে।
যেসব আসামির মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন—মোহাইমিনুল ইসলাম সিফাত, মো. মুসা এবং অপ্রাপ্তবয়স্ক দুই নম্বর আসামি রাকিবুল হাসান রিফাত হাওলাদার, তিন নম্বর আসামি আবু আব্দুল্লাহ রায়হান, ছয় নম্বর আসামি মো. নাইম, ৯ নম্বর আসামি রাকিবুল হাসান নিয়ামত, ১০ নম্বর আসামি সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিব্বুলাহ ও ১২ নম্বর আসামি প্রিন্স মোল্লা। বাদীর আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক কিসলু জানিয়েছেন, মামলায় অভিযুক্ত হওয়ার পর জামিনে থাকা আয়েশা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান হোসেন শ্রাবণ আদালতে হাজির হয়েছিলেন। আগামী ১৬ অক্টোবর এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত।
