একপ্রান্তে হোপ, অপরপ্রান্তে রুবেল-মুস্তাফিজদের আঘাত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২০:৪৪

জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে একপ্রান্ত আগলে রেখেছেন শাই হোপ। কিন্তু ভালো সঙ্গী পাচ্ছেন না। তাঁকে রেখে অপরপ্রান্ত থেকে ফিরে গেছেন ৬ ব্যাটসম্যান। ইতোমধ্যে সেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছেন হোপ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে ১৮৫ রান।

মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হেরে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৫৫ রান করেছে বাংলাদেশ। সাকিব ইনিংস সর্বোচ্চ ৬৫, মুশফিক ৬২ ও তামিম ৫০ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ আউট হন ৩০ রান করে। ক্যারিবীয় বোলারদের মধ্যে ওশান টমাস তিনটি উইকেট নেন।

জবাব দিতে নেমে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চন্দরপল হেমরাজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ। এরপর দ্বিতীয় উইকেটে ড্যারেন ব্রাভো ও শাই হোপ সতর্কতার সঙ্গে খেলছিলেন। দলীয় ৭০ রানে ড্যারেন ব্রাভোকে বোল্ড করে সাজঘরে ফেরান রুবেল। আউট হওয়ার আগে ব্রাভো করেন ২৭ রান। 

শাই হোপের ব্যাটে আশা দেখছে ওয়েস্ট ইন্ডিজ। চন্দরপল হেমরাজের সঙ্গে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরির পথে হাঁটছেন তিনি। তাকে রেখে অপরপ্রান্ত থেকে ফিরে গেছেন হেমরাজ ও ড্যারেন ব্রাভো (২৭)। তবুও হাল ছাড়েননি তিনি। তৃতীয় উইকেটে মারলন স্যামুয়েলসকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন হোপ। 

এরপর দলীয় ১৩২ রানে স্যামুয়েলসের (২৬) উইকেট তুলে নেন মুস্তাফিজ। দলীয় স্কোরে ২১ রান যোগ হতেই রুবেলের দ্বিতীয় শিকারে পরিণত হন শিমরন হেটমায়ের (১৪)। আর দলীয় ১৫৭ রানে মাশরাফির বলে আউট হন রোভম্যান পাওয়েল।

পাওয়েল ফিরে গেলে ষষ্ঠ উইকেটে হোপের সঙ্গে জুটি বাঁধা রোস্টন চেজকে সবশেষ ফিরিয়ে দেন মুস্তাফিজ।  এখন সপ্তম উইকেটে হোপের সঙ্গী কিমো পল।

আরও পড়ুনঃ হোপে ‘হোপফুল’ ওয়েস্ট ইন্ডিজ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ পাঁচ উইকেটে জয় পেয়েছে। তাই এই ম্যাচ জিততে পারলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

ইত্তেফাক/কেআই