চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম আমিনউদ্দিন। তিনি বলেছেন, ক্যাসিনোসহ দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এজন্য চলমান যে অভিযান সরকার পরিচালনা করছে তা আরো জোরদার করা হোক। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সভাপতি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এম আমিনউদ্দিন। তিনি বলেন, সকল ধরনের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সমিতির অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। যেসব দুর্বৃত্ত সমাজে দুর্বৃত্তায়ন সৃষ্টিতে ভূমিকা রেখেছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে। কোনো ছাড় দিচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সরকারের এই পদক্ষেপ সাধুবাদ পাওয়ার যোগ্য।
এক প্রশ্নের জবাবে এম আমিনউদ্দিন বলেন, বর্তমানে দেশে যে জুয়া বন্ধে আইন রয়েছে সেটা ১৫০ বছরের পুরোনো। ঐ আইনে সাজাও অপ্রতুল। এজন্য সরকারের উচিত আইনটিকে যুগোপযোগী করা। একই সঙ্গে জুয়া বন্ধে আইনে কঠোর শাস্তির বিধান রাখা দরকার। কারণ জুয়ার জন্য বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি বলেন, অভিযানে যারা ধরা পড়ছেন তাদের বিরুদ্ধে মাদক ও মানি লন্ড্রারিংয়ের অভিযোগে মামলা করা হচ্ছে।
