রেলওয়ের তিন রুটে হচ্ছে ডাবল লাইন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২২:৩৯

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, রেলপথে যাত্রীদের সুবিধার জন্য যতই ট্রেন বাড়াচ্ছি ততই সমস্যা তৈরি হচ্ছে। আর এ সমস্যার প্রধান কারণ সিঙ্গেল লাইন। তাই জয়দেবপুর থেকে ঈশ্বরদী, জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর এবং লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডাবল লাইন নির্মাণ  প্রকল্প  গ্রহণ করা হয়েছে। গতকাল কাকরাইলে রেলওয়ে শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান। সম্মেলন উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। রেলের জমি অবৈধ দখল প্রসঙ্গে রেলপথমন্ত্রী বলেন, রেলওয়ের শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে কেউ রেলের জমি ও সম্পদ দখল করতে পারবে না। রেলপথমন্ত্রী আরো বলেন, টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত মাত্র একটা লাইন। পশ্চিমাঞ্চলের সব ট্রেন আসে এই জয়দেবপুর দিয়ে। ঢাকা থেকে ট্রেন যেতে এবং পশ্চিমাঞ্চল থেকে আসতে একটি অন্যটিকে সাইড দিতে হয়। এতে অনেক সময় চলে যায়।

সমস্যা সমাধানে রেলের ডাবল লাইনের সংখ্যা বাড়ানো হচ্ছে জানিয়ে রেলপথ মন্ত্রী বলেন, ডাবল লাইন যুক্ত বঙ্গবন্ধু রেল সেতুর কাজ আগামী জানুয়ারি মাসেই শুরু হবে। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজও শেষ হবে আগামী বছরের জুনে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত এবং জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত ডাবল লাইন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। যা আগামী বছরের মধ্যে শেষ হবে।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান আকন্দের পরিচালনায় আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টুসহ কেন্দ্রীয় নেতারা।