নতুন বোতলে পুরাতন বিষ, জামায়াত এখন ধানের শীষ: রেলপথমন্ত্রী

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৭

‘নতুন বোতলে পুরাতন বিষ, জামায়াত এখন ধানের শীষ’ এমন মন্তব্য করে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব বলেন, জামায়াতের আমলে চৌদ্দগ্রাম ছিলো সন্ত্রাসীদের জনপদ। আলকরার মানুষ জামাত-শিবিরের হাতে জিম্মি ছিলো। ওই সময় নির্বাচিত এমপি জামায়াত নেতা তাহেরের গাড়িতে দুইপাশে থাকতো দুইজন সন্ত্রাসী, তাদের পকেটে থাকতো পিস্তল আর অস্ত্র। এদের সন্ত্রাসী কর্মকান্ডের ফলে প্রশাসন তাদের ওই সময়েই র‌্যাবের মাধ্যমে ক্রসফায়ার দেয়। ওই সস্ত্রাসীদের অত্যাচারে সে সময় আওয়ামী লীগের অসংখ্য কর্মীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই সন্ত্রাসী রাজত্ব থেকে জনগণকে নিরাপদে থাকার অধিকার ফিরিয়ে দিয়েছে। 

মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ১৯৭১ সালে জামায়াত দেশ ও দেশের মানুষের সঙ্গে বেঈমানী করেছে। এরা এদেশের কল্যাণ চায় না। তিনি বলেন, বিএনপি দেউলিয়া দলে পরিণত হয়েছে, তাই জামায়াতের মতো যুদ্ধাপরাধী দলের এক নেতাকে তারা ধানের শীষ প্রতীক দিয়ে প্রার্থী করেছে। এলাকার সচেতন জনগণ আগামী ৩০ ডিসেম্বর উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে এর সমুচিত জবাব দেবে। 

আরো পড়ুনঃ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা হলেন খাশোগি

উপজেলার আলকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম ভূঁঞার সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঁঞা হাসান, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, পৌর মেয়র মিজানুর রহমান, সামছুল আলম মজুমদার, ফারুক আহাম্মেদ মিয়াজী, কামাল আহম্মেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, রাশেদা আখতার প্রমুখ। 

এর আগে মন্ত্রী উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি বাজার, তারাশাইল বাজার ও জঙ্গলপুর গ্রামে পৃথক পথসভায় বক্তব্য রাখেন।

ইত্তেফাক/কেকে