মানিকগঞ্জের ঘিওরে নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন স্থানীয় সাংবাদিক কমরেড ওবায়দুর রহমান। বুধবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি ঘিওর উপজেলার কাহেতারা গ্রামে নৌকায় বেড়ানোর সময় হঠাত্ পানিতে ডুবে তিনি মারা যান। ওবায়দুর রহমান ঘিওরের কাহেতারা গ্রামের মো. সামেজ উদ্দিনের ছেলে। তিনি দেশটিভির মানিকগঞ্জ প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি ঘিওর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। এম ওবায়দুর রহমানের স্ত্রী সখিনা সুলতানা রানু জানান, তিনি দীর্ঘদিন যাবত্ মৃগি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এর আগে তিনি ১৫ ফেব্রুয়ারি রাতে যশোরে কমিউনিস্ট পার্টির এক প্রোগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ ছিলেন। পথ ভুলে তিনি ভারতে প্রবেশ করেন। সেখান থেকে আইনী প্রক্রিয়া শেষে তাকে ফিরিয়ে আনা হয়। বৃহস্পতিবার সকালে তার নামাজে জানাজা শেষে তার গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে।
