দুর্গাপূজা উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দর ছয় দিন বন্ধ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০০:০৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীসাধারণের চলাচল অব্যাহত থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের ওপারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার, সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভার আলোচনা এবং প্রদানকৃত এক চিঠিতে ৫ অক্টোবর শনিবার থেকে ১০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ছয়দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায়। এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশন পেয়েছে বলে জানা গেছে। 

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, ‘শারদীয় দুর্গাপূজায় ভারতীয় চ্যাংরাবান্ধা শুল্ক স্টেশন ব্যবসায়ী ও পরিবহন সংগঠনের দেওয়া পত্রানুযায়ী ৫ অক্টোবর শনিবার থেকে ১০ অক্টোবর বৃহস্পতিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এজন্য বুড়িমারী স্থলবন্দরও বন্ধ থাকবে।’

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) আব্দুস ছালাম বলেন, ‘ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি-রপ্তানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় তবে কাস্টমস কার্যালয় খোলা থাকে।’