মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর নেপিদো, ইয়াঙ্গুন ও মান্দালয়ে সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইয়াঙ্গুনস্থ মার্কিন দূতাবাসের এক সতর্কবার্তায় বলা হয়, ১৬ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এবং আগামী মাসগুলোতে সম্ভাব্য হামলার তথ্য খতিয়ে দেখছে মিয়ানমারের আইন-শৃঙ্খলা বাহিনী। তবে কী ধরনের হামলা হতে পারে বা এর পেছনে কারা রয়েছে সে বিষয়ে সতর্কবার্তায় কিছু বলা হয়নি।
তবে মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস জানিয়েছে, সীমান্তবর্তী থাইল্যান্ডের শরণার্থী শিবিরের কাছে হামলার পরিকল্পনা হয়েছে। এদিকে কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াও দেশটিতে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।
