মিয়ানমারের এমপিটির ২৩০টি সিমসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০০:১৬

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রোহিঙ্গা ক্যাম্পে থ্রিজি ও ফোরজি বন্ধ করে দিলেও অবাধে মিয়ানমারের সিমকার্ড এমপিটি ব্যবহার করে নেট চালাচ্ছেন রোহিঙ্গারা। গত বুধবার সন্ধ্যায় উখিয়ার কুতুপালং মার্কেটের সামনে মিয়ানমার থেকে আনা এমপিটি মোবাইল অপারেটরের ২৩০টি সিমকার্ডসহ মো. করিম (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে উখিয়া থানার পুলিশ। মামলার পর গতকাল বৃহস্পতিবার তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে উখিয়ায় আশ্রিত বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১’র আওতাধীন ব্লক-এ ৩২ এর নুরুল আলমের ছেলে।

পুলিশ জানায়, পুলিশের একটি দল অভিযান চালিয়ে ক্যাম্পে বিক্রি করতে আসা ২৩০টি মিয়ানমারের সিমসহ রোহিঙ্গা করিমকে আটক করে। মিয়ানমার থেকে কৌশলে রোহিঙ্গাদের ব্যবহারের জন্য এসব সিমকার্ড গুলো আনা হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গারা অবৈধভাবে দেশীয় মোবাইল সিম ব্যবহার করছিল। সমপ্রতি রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী বাহিনী খুন-নির্যাতন, মাদক সংশ্লিষ্টতার পাশাপাশি প্রত্যাবাসনে রাজি না হওয়া এবং রোহিঙ্গাদের মহাসমাবেশের মতো নানা ঘটনায় দেশব্যাপী বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপরই শরণার্থী শিবিরগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি সরকার বিভিন্ন মোবাইল অপারেটরের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ও নেটওয়ার্ক সীমিত রাখার ঘোষণা দেয়। ফলে গত এক মাস যাবত্ বিভিন্ন মোবাইল অপারেটরের দুর্বল নেটওয়ার্ক দিয়ে নিজেদের মধ্যে সক্রিয় যোগাযোগে ব্যর্থ হচ্ছিল। মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা হওয়ায় উখিয়া-টেকনাফে সে দেশীয় বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক মিলছে জোরালোভাবে। উভয় দেশের সীমান্তের অনেক ভেতরে মিয়ানমারের সিমকার্ড সচল থাকার সুযোগে ব্যবহার করছে উখিয়া-টেকনাফের ৩২টি শরণার্থী শিবিরে আশ্রিতরা।

উখিয়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, মিয়ানমার থেকে সিমকার্ড নিয়ে আসা এক রোহিঙ্গাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।